ডেস্ক রিপোর্ট ।
রাজধানীর সড়ক ও বিলবোর্ড থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্যানারটি দ্রুত অপসারণ করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রদর্শিত অভিনন্দন বার্তাসহ বিজ্ঞাপনও দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণীতে একটি এলইডি পর্দায় প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন করা হলে সেখানেও তা অপসারণের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এদিকে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, ভিভিআইপি প্রটোকল সীমিত করে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের ফলে সড়কে যানবাহনের গতি বেড়েছে। আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় হাঁটার গতির সমান। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, ভিভিআইপি চলাচলের কারণে যান চলাচলে বাধা না থাকায় গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করায় এ উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী অবলোকন করেছেন।
অন্যদিকে, বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।