স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো: মনিরুজ্জামান (পরিচিতি নম্বর: ১৬৫৯৩)। অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালনরত ড. মো: মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা দ্রুতই গাইবান্ধায় তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করবেন।