এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :দেশের জিডিপিতে অসামান্য অবদান রাখা সত্ত্বেও নারায়ণগঞ্জের ‘বি’ ক্যাটাগরি জেলা হিসেবে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। নারায়ণগঞ্জকে বিশেষ মর্যাদাসম্পন্ন ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে ঘোষণা এবং একটি স্বাধীন ‘মেট্রোপলিটন সিটি’ হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত চেম্বারের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই দাবি জানান সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
অর্থনৈতিক গুরুত্ব ও বঞ্চনার চিত্র:
মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, “দেশের মোট জিডিপির প্রায় ৮ শতাংশ আসে নারায়ণগঞ্জ থেকে। বিপুল পরিমাণ রাজস্ব দেওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে এখনো ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা নারায়ণগঞ্জকে বিশেষ ও ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে দেখতে চাই।” তার এই বক্তব্যের সাথে উপস্থিত সদস্যরা টেবিল চাপিয়ে ও করতালির মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন।
‘নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাব:
নারায়ণগঞ্জকে ঢেলে সাজাতে দিপু একটি আলাদা বোর্ড বা ‘নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “আমরা অন্য কারও নিয়ন্ত্রণে থাকতে চাই না। নারায়ণগঞ্জ কর্তৃপক্ষই এই শহরকে নিয়ন্ত্রণ করবে। যথাযথ ট্যাক্স প্রদানের বিচারে নারায়ণগঞ্জ অবশ্যই একটি পূর্ণাঙ্গ মেট্রোপলিটন সিটি পাওয়ার যোগ্য।”
মেট্রোরেল ও বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার:
একটি স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ার রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন:
মেট্রোরেল সংযোগ: ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ সহজ করতে মেট্রোরেল নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং এ লক্ষ্যে রেল মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বেকারত্ব নির্মূল: নারায়ণগঞ্জের কোনো যুবক বেকার থাকবে না। বিভিন্ন শিল্প-কারখানার সাথে সমন্বয় করে এবং ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর কাজ চলছে।
ঐতিহ্য রক্ষা: জেলার ঐতিহ্যবাহী পণ্যগুলো নিয়ে কাজ করে তা রপ্তানির মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় উপস্থিতি:
বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম সারোয়ার সাঈদসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ।