July 4, 2026, 9:42 am

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ২ পরীক্ষার্থী বহিষ্কার, কক্ষ পরিদর্শকদের মোবাইল ফোন জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাটেও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষার প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার আহারত উল্লাহ প্রধান সিনিয়র ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া একই কেন্দ্রে চারজন পরীক্ষার্থীর উত্তরপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে একাধিক স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। পাশাপাশি হাতীবান্ধা মহিলা কলেজ কেন্দ্রের ১০ জন কক্ষ পরিদর্শকের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরীক্ষা চলাকালে সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা