April 19, 2026, 6:47 pm

আড়াইহাজারে ডাকাতির সময় গনপিটুনিতে ডাকাত নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় এলাকাবাসির গনপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠাল তলা) এলাকায় ঘটনাটি ঘটে।গণপিটুনিতে নিহত ডাকাত নবী হোসেন উচিৎপরা এলাকার রুপমিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের দেয়া তথ্যের সূত্র দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজারের বিশনন্দীর ইলিয়াস নামের এক ব্যাক্তির বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ইলিয়াসের স্ত্রী কুলসুম (৩৮), ছেলে নাঈম, ভাই আবুল এবং প্রতিবেশী ফারুক আহত হন। এর মধ্যে কুলসুম গুরুতর জখম হন।
ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা