April 19, 2026, 10:27 am

বাংলা ও ইংরেজির পাশাপাশি বিজ্ঞান চর্চার ওপর গুরুত্বারোপ: ডিসি রায়হান কবির

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার (১৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম (এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বক্তব্যে বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের সকল সাবজেক্ট নিয়েই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে পারলে তা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ড্রোন প্রযুক্তি ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে দ্রুত ধারণা অর্জন করতে হবে। এতে করে আধুনিক বিজ্ঞানকে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের দর্শনার্থীরা।
বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা