স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
মঙ্গলবার ( ৫ আগস্ট ) দুপুরে এ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন।
মিছিলটি সিদ্ধিরগঞ্জ সাইলো থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে ডাচ বাংলা ব্যাংক সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আকবর হোসেন, সহ স্থানীয় ওয়ার্ড এবং উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গিয়াস উদ্দিন বলেন, “আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের বিজয়ের দিন। শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্রের পতন হয়েছে জনগণের আন্দোলনের মাধ্যমে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে গণতন্ত্র রক্ষা করা, জনগণের অধিকার ফিরিয়ে আনা।”
তিনি আরও বলেন, “আমরা দেখতে চাই একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে—এটাই আজকের প্রত্যাশা।”