November 28, 2026, 4:24 pm

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সক্রিয় রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রচলিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাহিনীটি। মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা