তারিখ ঘোষণার দুই মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খেলা শুরুর ঘোষণা দিয়ে ফিকচার প্রকাশ করা হলেও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি প্রতিযোগিতাটি। এদিকে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বাজেটসংকট, সময়সূচি নির্ধারণ ও পরিকল্পনার ঘাটতিসহ শরীরচর্চা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও খেলোয়াড়েরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরুর কথা জানানো হয়েছিল। সে অনুযায়ী প্রতিযোগিতার ফিকচারও প্রকাশ করা হয়। তবে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিযোগিতা আয়োজনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
পূজার ছুটির আগে এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক মো. জামাল হোসেন জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেই ফিকচার প্রকাশ করা হয়েছিল। তবে সার্বিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ শেষ পর্যন্ত বরাদ্দ না হওয়ায় নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। রেফারি ফি, ফুটবল ও অন্যান্য ক্রীড়াসামগ্রী, ট্রফি এবং চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন খাতে অর্থের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
তবে বর্তমানে টুর্নামেন্ট আয়োজনের বিলম্বের কারণ হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা ও ক্রীড়া আয়োজনের সময়সূচির বিষয়টি সামনে এনেছেন পরিচালক। তিনি জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আয়োজন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ফুটবল ও অ্যাথলেটিকস আয়োজন করা হবে।
জামাল হোসেন বলেন, ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে খেলার আয়োজন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ফুটবল টুর্নামেন্ট এবং অ্যাথলেটিকস আয়োজন করা হবে। বৃষ্টির মধ্যেও ফুটবল খেলা সম্ভব হলেও ক্রিকেট আয়োজন করা কঠিন। তাই আগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে খেলাগুলোর আনুষ্ঠানিক সূচি ঘোষণা করতে পারব।’
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, বাজেটসংক্রান্ত জটিলতা আগে থেকেই থাকলে ফিকচার প্রকাশ ও টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণের আগেই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। তা ছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার সময়সূচি ও অন্যান্য আয়োজনের বিষয়টি জানা থাকা সত্ত্বেও কেন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সময় নির্ধারণ করা হয়েছিল, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হক অমি বলেন, ‘যদি বাজেট নিয়ে কোনো জটিলতা থেকেই থাকে, তাহলে ফিকচার প্রকাশ ও আয়োজনের ঘোষণা দেওয়ার আগে বিষয়টি পরিষ্কার করা হলো না কেন? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
অন্যদিকে শরীরচর্চা শিক্ষা দপ্তরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের শরীরচর্চা শিক্ষা দপ্তর সারা বছরে একটি টুর্নামেন্টের আয়োজন করে, সেটি হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। সেটিও প্রতিবছর বিভিন্ন কারণে পিছিয়ে যায়। এবারও ফিকচার প্রস্তুত করা হলেও এখন পর্যন্ত টুর্নামেন্ট নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।’
তিনি আরও বলেন, ‘গত বছরও এমনটি ঘটেছিল। শীত মৌসুমের খেলা আয়োজন করা হয়েছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে। এরপর টুর্নামেন্ট শেষ করতে প্রায় চার মাস সময় লেগেছিল। অথচ আমাদের সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্দিষ্ট সময়ে তাদের টুর্নামেন্ট আয়োজন ও শেষ করছে।’
নোবিপ্রবি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘শরীরচর্চা শিক্ষা দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের মাঠে খুব একটা দেখা যায় না। মাঠের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে আমরা মনে করি। সময়মতো টুর্নামেন্ট আয়োজনেও সমস্যা হয়। আয়োজন হলেও অনেক সময় তা প্রত্যাশিত মানের হয় না। ক্রীড়া বাজেটের পরিমাণ, কোন খাতে কত ব্যয় হচ্ছে এবং খেলোয়াড়েরা বাস্তবে কী সুবিধা পাচ্ছেন—এসব বিষয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহি থাকা প্রয়োজন।’
মাঠের দায়িত্ব নিয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করেন তিনি। আবু তাহের বলেন, ‘মাঠের কোনো সমস্যা নিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরে গেলে বলা হয়, মাঠের দায়িত্ব স্টেট শাখার। আবার স্টেট শাখায় গেলে বলা হয়, মাঠের দায়িত্ব শরীরচর্চা শিক্ষা দপ্তরের। তাহলে আমরা খেলোয়াড়েরা যাব কোথায়? মাঠের দায়িত্ব আসলে কার, সে বিষয়ে পরিষ্কার সমন্বয় থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে মাঠের মৌলিক সমস্যাগুলো জানানো হলেও সমাধানের জন্য খেলোয়াড়দের বিভিন্ন দপ্তরে যেতে হয়।’
নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে না পারা এবং পরবর্তী সময়ে নতুন করে ক্রীড়া আয়োজনের সূচি নির্ধারণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, শুধু ঘোষণা ও ফিকচার প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ক্রীড়া আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, সমন্বয় ও কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দপ্তর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘অর্থসংকটের কারণে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না, বিষয়টি এমন নয়। আমরা সব টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েই সে অনুযায়ী বাজেট বরাদ্দের প্রস্তাব করি। তবে এত দিন আন্তঃবিভাগ টুর্নামেন্ট আয়োজন করা হয়নি কেন, তা খতিয়ে দেখব।’
সেলিনা জিন্নাত ঐশী, নোবিপ্রবি (নোয়াখালী):