November 27, 2026, 6:50 am

‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
শফিকুল ইসলাম বলেন, খিলগাঁও থানা ছাত্রদলের নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে’ জনিকে হত্যা করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় মোট ৬২ জনকে আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা