November 26, 2026, 2:29 pm

মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জিয়াউল আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয়দিনের মতো প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। এ বিষয়ে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। অন‍্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
যুক্তিতর্কে জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, যুক্তিতর্কে তিনি বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য একবার মৃত্যুদণ্ডের সাজা। তার অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। তদুপরি মেনে নিতে হবে যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে। বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান করেছে কিংবা রেখেছে, রাষ্ট্রপক্ষ থেকে তা প্রয়োগের জন্য এই ট্রাইব্যুনালের প্রতি নিবেদন জানাচ্ছেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত করার জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার, বিশ্ব মানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছেন।
এর আগে, গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।
এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।
তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা