নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হলেও মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় এজাহারনামীয় ১৪ জন আসামি হলেন, মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. রিদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)। এ ছাড়া আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে সুলতানা উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পাশাপাশি বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে ধ্বংস করা হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন সুলতানা।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে মামলা দায়েরের পরও মঙ্গলবার রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বসতবাড়ি হারিয়ে সুলতানা ও তাঁর সন্তানরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অন্যদিকে স্বজনদের বাড়িঘর ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও বিপাকে পড়েছে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: