November 18, 2026, 7:03 pm

দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার উদ্দেশ্যে দেশবিরোধী একটি অপশক্তি গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে চারটি বিল পাস হয়েছে। পাশাপাশি তিনটি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৭৪টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে তিনি ১৭টির উত্তর দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য জমা পড়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ২ হাজার ১৬৯টির উত্তর দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা