জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে মাসের পর মাস, এমনকি কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবায় দুর্নীতি ও নাগরিক হয়রানি পুরোপুরি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চান তারা। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ আর শুনতে চান না। এ ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপিয়ে নয়, বরং নাগরিকদের সেবা নিশ্চিত করাই হতে হবে প্রধান লক্ষ্য।
তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন আবেদন পর্যালোচনা ও অনুমোদনের সময় এনআইডি-সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসে। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাকে বিব্রত করে। গণমাধ্যমে এ ধরনের হয়রানির খবর দেখেও তিনি অস্বস্তি বোধ করেন।
এনআইডি সেবাকে সহজ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নাগরিকদের সেবা দিতে হবে। সাধারণ মানুষের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবাপদ্ধতি সহজ করতে হবে। এনআইডি-সংক্রান্ত হয়রানির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
আবেদন গ্রহণের পরপরই আবেদনকারীকে বার্তা পাঠানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে তা গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে, এমন তথ্য জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনে প্রতিটি আবেদনের বিপরীতে মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে আবেদনকারী পরবর্তী সময়ে নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারেন।
সিইসি বলেন, একজন নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, এমনকি তার আবেদন কোথায় আছে সেটিও জানতে পারবেন না, তা গ্রহণযোগ্য নয়। আবেদনকারীদের দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে।
দায় এড়ানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সমস্যা দেখা দিলে অনেক সময় জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের ত্রুটির কথা বলে দায় এড়ানোর চেষ্টা করা হয়। এভাবে ব্লেম গেম করে নাগরিকদের সেবা দেওয়া সম্ভব নয়। সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।
গ্রামীণ ও বয়স্ক নাগরিকদের প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের সব মানুষ অনলাইনে আবেদন করা বা ইন্টারনেট থেকে এনআইডি ডাউনলোড করার পদ্ধতি বোঝেন না। বিশেষ করে গ্রামের অনেক বয়স্ক মানুষের জন্য এসব কাজ কঠিন। তাই তাদের সুবিধার কথা বিবেচনা করে বিকল্প সেবা নিশ্চিত করতে হবে।
এ জন্য এনআইডি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণার পরামর্শ দেন তিনি।
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি কেবল একটি সাধারণ কার্ড নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। আবার মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, এমন আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের সমস্যারও বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। শুধু এনআইডি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিলেই হবে না, যেসব নাগরিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন, তাদের কাছে প্রয়োজনীয় কার্ড বা কাগজপত্র পৌঁছে দেওয়ার উপায় বের করতে হবে।
তবে দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
কর্মশালায় কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ আহ্বান করে সিইসি বলেন, এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করে নাগরিকদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য।