November 14, 2026, 5:32 pm

গণতন্ত্র প্রতিষ্ঠায় ২০২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসী ভূমিকা ছিল ঐতিহাসিক: স্পিকার

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বীরোচিত ভূমিকার পাশাপাশি দেশের সামরিক বাহিনীও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতে পিছপা হননি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। অথচ স্বাধীনতার পর তাদের ঐতিহাসিক অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।

বাংলার মানুষ অত্যন্ত সাহসী উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে সেদিন প্রশিক্ষণবিহীন মানুষও অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু বিগত ১৫ বছরে দেশে দুঃশাসন চলেছে। সেই পরিস্থিতির অবসানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। এ সময় শহীদ আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে এমসি কলেজ প্রাঙ্গণে সংঘটিত সম্মুখসমরের অভিজ্ঞতা তুলে ধরেন স্পিকার। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশগ্রহণের স্মৃতিচারণের পাশাপাশি ওই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও সম্মানের। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা