November 14, 2026, 4:21 pm

রূপগঞ্জ ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর এক মাসেই পাল্টেছে মহাসড়কের চিত্র

ঢাকা-সিলেট মহাসড়ককের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর এক মাসেই পাল্টেছে সড়কের চিরচেনা চিত্র। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয়েছে। আগে চার লেনের সড়কের তিন লেন ও ফুটপাত দখল করে কাঁচাবাজার সহ নিত্যপণ্যের দোকান বসতো। এখন আর সেই দোকানগুলো নেই। নেই কোন কোলাহল। তাতে স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী।

ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদের পর রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া, রূপসী, মুড়াপাড়া, কাঞ্চন এলাকার চিত্র পাল্টে গেছে। হকাররা ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠে দোকানপসরা সাজিয়ে কেনাবেচা করছে। তাতে একদিকে মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা দূর হয়েছে, অন্যদিকে বিকল্প স্থানে ব্যাবসা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।
সড়কের পাশে ট্যাক্সি, লেগুনা, সিএনজি, রিকশা ও অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তুপও নেই। প্রায় দুই বছর ধরেই গোলাকান্দাইল মজিদ প্লাজা থেকে ভুলতার রেদোয়ান টাওয়ার পর্যন্ত এক কিলোমিটার সড়কের ফুটপাত ও মূলসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে কষ্ট হত। গত ১৩ অক্টোবর ভুলতা-গাউছিয়া সহ আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। তাতে দীর্ঘদিনের দখলে থাকা সড়ক ও ফুটপাত দখল মুক্ত হয়েছে। ভুলতা ইউনিয়নের যুবদলের কর্মী ও প্রশাসনের লোকজনের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভুলতা ফ্লাইওভারের সাওঘাট, ঢাকা বাইপাস সড়ক, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চনসহ গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা সাত শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে।

অস্থায়ী দোকান উচ্ছেদ হওয়ার ফলে চিরচেনা তীব্র যানজট কমে এসেছে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে।দুর্ঘটনার ঝুঁকি আর পথচারীদের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। একদিকে উচ্ছেদ শেষ হতেই অন্যদিকে আবার বসে যেত বাজার। বছরের পর বছর এভাবেই চলেছে চোর পুলিশ খেলা।
গাড়ির চাকার চেয়ে ধীরগতিতে এগোত মানুষের পা, সেখানে এখন বাঁধাহীন যান চলাচল। সড়কজুড়ে পণ্যের পসরা, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর যানজটে আটকে থাকা মানুষের বিরক্তিকর অপেক্ষার সেই চিরচেনা দৃশ্য অনেকটাই অতীত। দীর্ঘদিনের দখলদারিত্ব আর যানজটের দুর্ভোগ কাটিয়ে নতুন রূপে ফিরেছে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম ভুলতা-গাউছিয়া এলাকা।
মহাসড়ক হকার মুক্ত রাখতে এবার পরিবর্তন এসেছে ভিন্ন কৌশলে। শুধু উচ্ছেদ নয়, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থান নির্ধারণ ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর ফলে মহাসড়কের দখলমুক্ত অংশে ফিরেছে স্বাভাবিক যান চলাচল। দীর্ঘদিন পর যানজটের দুর্ভোগ থেকে স্বস্তি পাচ্ছেন যাত্রী, পথচারী ও পরিবহনশ্রমিকরা।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মহাসড়কের হকারদের উচ্ছেদ করে পুনর্বাসন করা হয়েছে। এ সুযোগে যেন কোন পক্ষই ফের মহাসড়ক দখল করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীদের দিক বিবেচনা করে সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে পার্শ্ববর্তী বালুর মাঠে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। পরবর্তীতে কাউকে মহাসড়ক দখল করতে দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হকারদের ব্যবসার জন্য ভুলতা-গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশের বালুর মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিনা ভাড়ায় সেখানে দোকান বসিয়ে ব্যাবসা পরিচালনা করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মোঃ আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা