November 11, 2026, 1:30 pm

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে তারা পিছপা হবেন না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।’
বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরেন জামায়াত আমির। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন।
এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান চালাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তার ব্যাখ্যা প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করলেও সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন।
বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জাতীয় সংকট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতার প্রস্তাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার চাইলে এককভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সে ক্ষেত্রে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আবার ফিরে আসার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি সত্য নাকি ভুয়া, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর উদ্যোগ ও স্পষ্ট অবস্থান দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা