নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের চার সদস্য। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার পর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পরিবারটি সুখে-শান্তিতে বসবাস করছে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় বসবাস করতেন চন্দ্র শেখর সাহা ও মায়া রানী সাহা দম্পতি। পরিবারের চার সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর পরিবারের প্রধান চন্দ্র শেখর সাহা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মো. আব্দুর রহমান। তাঁর স্ত্রীর নতুন নাম মরিয়ম বেগম এবং দুই ছেলের নাম মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।
সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, প্রথমে ছোট ছেলে শুভ চন্দ্র সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রায় এক মাস পর বিষয়টি জানতে পেরে ছেলের সঙ্গে অনেক রাগারাগি করি। কিন্তু হিন্দুধর্ম বিষয়ে ছেলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারিনি। এ অবস্থায় কয়েকদিন পর আমার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আমি ও বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিই। এরপর সপরিবারে নারায়ণগঞ্জ আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় হলফনামা সম্পাদনের মাধ্যমে সবার নাম পরিবর্তন করি।
তিনি আরও বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর এলাকার লোকজন আমাদের সার্বিক সহযোগিতা করছেন। আগে আমি কাঁচা তরিতরকারির ব্যবসা করতাম। ধর্মান্তরের পর এলাকার লোকজন আমাকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। এখন অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে সুখে-শান্তিতে আছি।
মরিয়ম বেগম বলেন, ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার কাছে এর কারণ জানতে চাই। তখন সে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা বলে। তার কথা বিশ্বাস করে কিছুদিন ড. জাকির নায়েকের বয়ানের ভিডিও দেখি। ইসলাম শান্তির ধর্ম, এ বিশ্বাস অর্জনের পর আমিও ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে আমার স্বামী ও বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
পরিবারের ছোট ছেলে সাখাওয়াত আহমেদ বলেন, ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে চলাফেরা করে আসছি। তাদের আচার-আচরণ ও ইসলাম ধর্মের চর্চা আমাকে মুগ্ধ করে। তাই হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। প্রথমে বিষয়টি গোপন রেখেছিলাম। পরে বাবা-মা জানতে পেরে আমার সঙ্গে রাগারাগি করেন। তখন আমি তাঁদের বোঝাই। একপর্যায়ে আমার মা আমার কথা বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে বাবা ও বড় ভাইও ইসলাম ধর্ম গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, তারা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানতে পেরে জীবন-জীবিকার সুবিধার্থে এলাকাবাসী মিলে তাঁদের একটি অটোরিকশা কিনে দেন। পাশাপাশি পরিবারটির যেকোনো সমস্যায় সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং তাঁদের ভালো-মন্দের খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রতিনিধি: