বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা পাচারের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪ দশমিক ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
গ্রেফতারকৃত মোছাঃ আকলিমার (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাশীরামপুর গ্রামে। তিনি রাজেশ সিকদারের স্ত্রী।
এসআরবি-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানাধীন বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসায় এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন আকলিমাকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ ও তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ভেতর থেকে ৪ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা জানিয়েছেন, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদকের বড় চালান নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন তিনি।
এ ঘটনায় আকলিমার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ আলোচিত অপরাধীদের গ্রেফতারে প্রতিষ্ঠার পর থেকেই তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে। মাদক নির্মূল ও যুব সম্প্রদায়কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এসআরবি-১১ বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: