বরগুনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আরেক জিয়া’ আখ্যা দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, তৃণমূল মানুষের দুঃখ-কষ্ট বুঝে তাদের স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মণি বলেন, “তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন ‘আরেক জিয়া’, সেটাই ঠিক হবে। উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া।”
শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের তুলনা করে চিফ হুইপ বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্যদিকে তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠন এবং মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে গুরুত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের ৫০ লাখ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।
এ ছাড়া শিশুদের জন্য মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং ইংরেজি ও কারিগরি শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতকোত্তর (এমএ) পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন চিফ হুইপ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, তাঁর সময়ে খাল খনন কর্মসূচি, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
শারদীয় দুর্গোৎসব ও ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সব নাগরিকের অধিকার সমান। দেশে নাগরিকদের মধ্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অধিকারগত বিভাজন থাকা উচিত নয়। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে এবার পাঁচ কোটি টাকা অনুদান বরাদ্দ এবং সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে বলেও জানান তিনি।