October 16, 2026, 3:29 pm

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট চাওয়ায় দুই রেলকর্মীকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্টেশনমাস্টারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।

আহতরা হলেন ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান ও টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্টেশন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায়। এ সময় যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন টিসি সঞ্জিত মণ্ডল। স্টেশনের প্রধান ফটকে এক যাত্রীর কাছে টিকিট চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পুলিশ ফাঁড়িতে থাকা অবস্থায় ওই যাত্রী ফোন করে সহযোগীদের ডেকে আনেন। পরে ১০-১২ জন যুবক সেখানে জড়ো হন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বিষয়টি মীমাংসা করে ওই যাত্রীকে ছেড়ে দেয়।

অভিযোগ অনুযায়ী, দুপুর ১২টার দিকে ওই যাত্রী আরও ৮-১০ জন যুবককে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে স্টেশনে আসেন। এরপর স্টেশনমাস্টারের কক্ষের সামনে সঞ্জিত মণ্ডলকে মারধর করেন তাঁরা। তাঁর চিৎকার শুনে এগিয়ে এলে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহানকেও মারধর করা হয়। পরে স্টেশনের অন্য কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

সাকির জাহান বলেন, বিনা টিকিটে আসা এক যাত্রীকে আইন অনুযায়ী আটকানোর কারণে টিসির ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। এ ঘটনায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া বলেন, স্টেশন কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলাকারীরা শহরের কান্দিপাড়ার মাইমলহাটির বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা