বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বিমান যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।
সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান রুডিগার লোটজ। তিনি বলেন, বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশকে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।
বাংলাদেশে নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের অবদান ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই পক্ষ আশা প্রকাশ করে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।