প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের ৯টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি প্রকল্প রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের পঞ্চম সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা। সভায় নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপন করা হচ্ছে।