October 6, 2026, 5:06 pm

ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভা। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ডিএমপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহালয়া থেকে শুরু করে পূজা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকার প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের সঙ্গে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের নিজ নিজ মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে উদ্‌যাপিত হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ তথ্যচিত্রের মাধ্যমে পূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় পূজা কমিটির নেতারা মণ্ডপের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা