October 6, 2026, 3:34 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরের বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালের চিত্র ডেস্ক:

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে উপলব্ধি করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা ও তার সহযোগীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব। প্রধান চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু চাইছি না। শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করছেন এবং তারা সেখান থেকে আরেকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।’

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ করেন হুমায়ুন কবির। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অতীতের সঙ্গে একটি ‘পরিষ্কার বিচ্ছেদ’ প্রয়োজন। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে উৎখাতের প্রক্রিয়ায় অনেক মানুষ জীবন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ঢাকার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি, যেহেতু ভারত তাদের সংযত রাখার চেষ্টা করছে। এটাই দুই দেশের মধ্যে স্বাভাবিক রীতি। যদি তাদের নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো সমস্যা থাকবে না।’

আওয়ামী লীগের নেতৃত্বকে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে নিযুক্ত হাইকমিশনার বিষয়টি নিয়ে ইতিবাচক ভূমিকা রাখছেন। দিল্লি তার মতামতকে গুরুত্ব দিলে বাংলাদেশ সব ক্ষেত্রে সম্পৃক্ত হতে প্রস্তুত।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ সব বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে আলোচনায় পারস্পরিক আদান-প্রদান প্রত্যাশা করে ঢাকা।

তিনি বলেন, বাংলাদেশে বসে কেউ ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে যেমন তা মেনে নেওয়া হবে না, তেমনি ভারতের কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশ। জাতীয় স্বার্থকে সামনে রেখে দুই সরকার আলোচনায় বসলে সব বিষয়ই সমাধান করা সম্ভব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা