October 6, 2026, 3:34 pm

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

মোদির সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

হঠাৎ করেই সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাতে পারেন দীনেশ ত্রিবেদী। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের দেওয়া শর্ত নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে গত কয়েক দিন ধরে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমেও নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে তিনি সফরের কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা