October 24, 2026, 8:08 am

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্টের নির্দেশে ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা ফেরতের উদ্যোগ

ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারীকে তাদের সঞ্চয়ী হিসাবের জমা টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) টাকা উত্তোলনের জন্য একাধিকবার আবেদন করেও সাড়া না পাওয়ার অভিযোগে করা রিটের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শীর্ষক রিটের শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।

আদালত একই সঙ্গে একটি রুল জারি করেছেন। রুলে আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা অর্থ তাদের উত্তোলনের সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।

আদালতের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারের (সিআইপিসি) পরিচালকদের মাধ্যমে আবেদনকারীদের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংক যাতে আবেদনকারীদের আমানতের টাকা উত্তোলনের সুযোগ দেয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিটের তথ্য অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবের গ্রাহক। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। অন্য আবেদনকারী মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।

রিটে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর চার গ্রাহক চেকের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট শাখায় গেলে ব্যাংক কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ ছাড়াই তাদের টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করেন তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা