September 24, 2026, 7:23 am

তেল বাড়ল ২০ টাকা, ট্রাক ভাড়া ৪০ শতাংশ!

জ্বালানি তেলের দাম বাড়তেই পণ্য পরিবহনে ভাড়ার নৈরাজ্য

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর দেশের পণ্য পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। সরকার বা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার হার নির্ধারণ না হওয়ায় ট্রাক, লরি, পিকআপ ও কাভার্ড ভ্যানের মালিকরা বিভিন্ন রুটে নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি খরচ যে পরিমাণ বেড়েছে, পরিবহন ভাড়া বাড়ছে তার তুলনায় কয়েক গুণ বেশি। রুটভেদে ট্রাকের ভাড়া ২ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। কোথাও কোথাও আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কাঁচামাল ও নিত্যপণ্যের ব্যবসায়ীরা।

যশোর থেকে ঢাকায় সবজি পরিবহনকারী আড়তদার আমির হোসেন জানান, দুদিন আগেও একটি ট্রাকে পণ্য আনতে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হতো। মঙ্গলবার একই পথে তাঁকে ৩১ হাজার টাকা দিতে হয়েছে। ২২ হাজার টাকা হিসেবে হিসাব করলে এ রুটে ভাড়া বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, বাড়তি পরিবহন খরচ সরাসরি পণ্যের দামের সঙ্গে যুক্ত করলে বিক্রি কমে যেতে পারে। তাই আপাতত কম লাভে পণ্য বিক্রি করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাড়তি ব্যয় সমন্বয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

অন্যান্য রুটেও একই ধরনের চিত্র দেখা গেছে। টাঙ্গাইল থেকে যাত্রাবাড়ীতে কার্টন পরিবহনকারী ট্রাকচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগে যেখানে ১০ হাজার টাকা ভাড়া ছিল, তেলের দাম বাড়ার পর মালিক তা বাড়িয়ে ১২ হাজার টাকা করেছেন।

ঢাকা-বগুড়া রুটের চালক আসলাম হক জানান, এ পথে আগে ২০ থেকে ২২ হাজার টাকা ভাড়া লাগলেও এখন ৩০ হাজার টাকার নিচে ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভোলা থেকে ঢাকায় পণ্য পরিবহনের ভাড়া ৪০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা করা হয়েছে বলে জানান ট্রাকচালক আলাল মিয়া।

তবে সবচেয়ে বেশি ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। চালকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ রুটে একবার যাতায়াতে একটি ট্রাকে প্রায় ১০০ থেকে ১১০ লিটার ডিজেল লাগে। লিটারে ২০ টাকা দাম বাড়ায় অতিরিক্ত জ্বালানি ব্যয় হওয়ার কথা সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা।

কিন্তু বাস্তবে ৩০ থেকে ৩১ হাজার টাকার ট্রাকভাড়া বেড়ে ৩৮ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় ডালজাতীয় পণ্য পরিবহনকারী পাইকারি ব্যবসায়ী রহিম উদ্দিন বলেন, তেলের দাম যতটা বেড়েছে, তার তুলনায় ট্রাকভাড়া কয়েক গুণ বেশি বেড়েছে।

এদিকে বাড়তি ভাড়া নিয়ে গ্রাহকদের সঙ্গে বিরোধের আশঙ্কায় অনেক চালক ও মালিক সাময়িকভাবে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। যাত্রাবাড়ী কাঁচাবাজারে পণ্য পরিবহনকারী পিকআপচালক লিখন হোসেন জানান, নতুন ভাড়া নিয়ে গ্রাহকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা এড়াতে তিনি আপাতত গাড়ি চালাচ্ছেন না। বাজার পরিস্থিতি ও ভাড়ার হার কিছুটা স্থির হলে আবার গাড়ি চালাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণের পর দ্রুত পণ্য পরিবহনের জন্য একটি সুনির্দিষ্ট ভাড়ার তালিকা করা প্রয়োজন। তা না হলে পরিবহন খাতে বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়বে এবং এর মাশুল দিতে হবে সাধারণ ভোক্তাদের।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা