নিজস্ব প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলায় অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে ১৫ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা পটাশ সার পড়ে থাকতে দেখা যায়। প্রশাসন সেগুলো জব্দ করে।
জব্দ করা ২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মধ্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।
অভিযান সম্পর্কে ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের ঘটনায় পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের বরাদ্দের সার নিয়ে অনিয়ম ও পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।