September 17, 2026, 5:17 pm

সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের

বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডে পুলক চ্যাটার্জীর বাসভবনে গিয়ে তার স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও কন্যা প্রকৃতি চ্যাটার্জীর সঙ্গে কথা বলেন জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেন, পুলক চ্যাটার্জীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত এবং এই বেদনা এখনও কাটিয়ে উঠতে পারেননি।

তিনি বলেন, তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকতা পেশার বিভিন্ন বিষয় আরও গভীরভাবে দেখার সুযোগ হয়েছে। সাংবাদিক ও মালিক পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিক পক্ষ, সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং কিছু কাজও এগিয়ে নেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার সঙ্গে যুক্ত মানুষের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদার নিশ্চয়তা প্রয়োজন। পুলকের মৃত্যুর সঙ্গে তাদের কাজেরও একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে নীতিগতভাবে সংশ্লিষ্ট তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরির চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না। পুলক চ্যাটার্জীর মৃত্যু সাংবাদিকতা পেশার নানা চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। এর পেছনের বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, ফিরদাউস সোহাগ, কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষসহ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা