প্রতিনিধি:
বরিশাল নগরীর দৈনিক সমকালের কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি ফোন না ধরায় তার স্ত্রী বিষয়টি তাকে জানান। পরে শুক্রবার সন্ধ্যায় তিনি সমকাল কার্যালয়ে গিয়ে দেখতে পান, অফিসের প্রবেশদ্বার ভেতর থেকে আটকানো। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।
সুমন চৌধুরী আরও জানান, পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে তিনি মাঝেমধ্যে সমকাল কার্যালয়ে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সবার উপস্থিতিতে দরজা ভেঙে পুলিশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির একটি দলও গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত করেছে।