রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
এ উপনির্বাচনেও দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা থাকবে। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ৩৩টি দেশের ৩৮৬ জন ভোটার বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন ছিল সৌদি আরব থেকে।
এ ছাড়া ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এর জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে ২ হাজার ৭৩৫ জন ছিলেন সরকারি চাকরিজীবী।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়।
এদিকে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী দেলাওয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।
কালেরচিত্র/এমআ