ভারত থেকে ১৯টি নতুন লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে। বুধবার (১২ আগস্ট) ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে।
এই কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে, তবে আসার নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি। দর্শনা স্টেশন কর্তৃপক্ষ ভারত থেকে সংকেত পাওয়ার পর কোচগুলো নিরাপদে গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানিয়েছেন, তারা সংবাদমাধ্যমের মাধ্যমে নতুন ট্রেনের কোচ আসার বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে খোঁজ নেওয়া হয়েছে। সেখানকার ট্রাফিক ইন্সপেক্টর জানিয়েছেন, এখনো কোচগুলো রানাঘাটে এসে পৌঁছায়নি।’
তিনি আরও জানান, রানাঘাটে কোচগুলো পৌঁছানোর পর দর্শনা স্টেশনকে অবহিত করা হবে এবং সীমান্ত পারাপার ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে চার ঘণ্টা থেকে এক দিন সময় লাগতে পারে।
প্রথম চালানে আসা ১৯টি কোচ ভারত সরকারের লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি অত্যাধুনিক কোচ সংগ্রহের চুক্তির অংশ। নতুন এসব কোচে উন্নত নিরাপত্তাব্যবস্থা ও যাত্রীদের জন্য বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরা, জরুরি অ্যালার্ম ব্যবস্থা, প্রার্থনা কক্ষ এবং বেবি কেয়ার রুম।
নতুন কোচগুলো যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ কোচসংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।