November 12, 2026, 6:46 am

রোহিঙ্গা ক্যাম্পের শৌচাগারে উদ্ধার পুলিশ সদস্যের মরদেহ, তদন্ত চলছে

রোহিঙ্গা ক্যাম্পের শৌচাগারে উদ্ধার পুলিশ সদস্যের মরদেহ, তদন্ত চলছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের মরদেহ। নিহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) ৫নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। আজ শনিবার সকাল ৮টার দিকে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ শৌচাগারের দিকে গেলে সেটি ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পর জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে কাউকে পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা এসে নিখোঁজ এএসআই রুবেলকে মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শৌচাগারের দরজা কেটে ভেতরে প্রবেশ করে মরদেহ বের করা হয়।

শৌচাগারের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজুল আমিন জানান, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা