August 1, 2026, 12:17 pm

এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের

এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের

বিশ্বজুড়ে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। শুক্রবার (৩১ জুলাই) সংস্থাটি সতর্ক করে বলেছে, এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা গড়ের চেয়ে বেড়ে যেতে পারে এবং বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন আসতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠে অস্বাভাবিক উষ্ণতা অব্যাহত থাকতে পারে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাকাগুলোতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা শক্তিশালী এল নিনোর স্পষ্ট ইঙ্গিত।

এল নিনোর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য বিভিন্ন দেশের সরকার ও সাধারণ মানুষ কিছুটা সময় পাবে বলে মনে করছে ডব্লিউএমও। সংস্থাটি জানিয়েছে, আগাম পরিকল্পনা ও ঝুঁকি কমানোর পদক্ষেপ নিলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এল নিনো আমাদের গ্রহের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। তিনি উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ওপর অব্যাহত নির্ভরতা জলবায়ু সংকটকে ত্বরান্বিত করছে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, এল নিনোর প্রভাবের সময় মহাসাগরের উষ্ণতা ও বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বাড়ছে। তাই আগাম প্রস্তুতির বিষয়টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। সময়োপযোগী ও নির্ভরযোগ্য জলবায়ু তথ্যের ভিত্তিতে সরকার ও মানবিক সংস্থাগুলো চরম আবহাওয়ার ক্ষতিকর প্রভাব কমাতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা