July 27, 2026, 10:07 am

নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা, তদন্ত চলছে

নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা, তদন্ত চলছে

নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি শক্ত লোহার প্লেটে নির্মিত হওয়ায় আগুনে এর কাঠামোগত কোনো ক্ষতি হয়নি। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভটি গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা এর সহযোগী কোনো সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ সদস্যরা ক্যাম্পে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ঘটনাকে বড় করে দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা