চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আন্দোলনরত তিন ইউনিয়নের বাসিন্দারা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন। আগামী রোববার থেকে টানা দুই দিন বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক একরামুল হক।
লিখিত বক্তব্যে একরামুল হক জানান, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর বাসিন্দাদের জন্য সুবিধাজনক স্থানে করা হয়নি। তিনি দাবি করেন, এটি আগের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের ফলে উত্তর অংশের মানুষের ভোগান্তি দূর হবে না।
একরামুল হক আরও জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা আগামী রোববার থেকে হরতাল পালন করবেন। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।
১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার অনুমোদন দেওয়া হয়। সদর দপ্তরের স্থান ভূজপুর থানা কার্যালয়ের পাশে নির্ধারণ করা হয়, যা আন্দোলনকারীদের মতে, যৌক্তিক নয়।