July 22, 2026, 6:03 pm

ফরিদপুরে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু, আহত ৩

ফরিদপুরে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু, আহত ৩

ফরিদপুরের সদরপুর উপজেলার বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে মিলন মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পর্শে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর (২৬) ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মিলনের ভাই মিঠু মাতুব্বর (৩০), মিঠুর স্ত্রী হেনা বেগম (২৪) এবং প্রতিবেশী ওবায়দুর শেখ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রধান বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পাশের একটি গোয়ালঘরের ওপর পড়ে। এতে গোয়ালঘর থেকে কাপড় শুকানোর জন্য ব্যবহৃত ধাতব তারের মাধ্যমে তিনটি বসতঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় গোসল শেষে ভেজা কাপড় শুকাতে বাড়ির উঠানে টানানো জিআই তারে কাপড় মেলতে গিয়ে মিলন বিদ্যুতের স্পর্শে আসেন।

এ ঘটনার পর স্থানীয়রা সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ বলেন, ঘটনাস্থলে আমাদের ফোর্স পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা