বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় কালাম চাকলাদার (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালাম চাকলাদার রণবিজয়পুর গ্রামের মৃত হাতেম আলী চাকলাদারের ছেলে এবং ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা হয়ে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।
কালাম চাকলাদারের ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, প্রায় এক বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাগেরহাট শহরে চলে যান। শনিবার সকালে তাকে খাবার দেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের দরজা খোলা রয়েছে।
ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে খাটের ওপর নিথর পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দেওয়া হলে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।