চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।
স্থানীয়দের মতে, বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে দুই শিশু বাড়ির উঠানে ভেসে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।