July 9, 2026, 9:17 am

মিসরের কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়াল ইএফএ

মিসরের কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়াল ইএফএ

বিশ্বকাপে মিসরের সাফল্যের জন্য প্রধান কোচ হোসাম হাসানকে পুরস্কৃত করা হয়েছে। মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার ইএফএর সভাপতি হ্যানি আবু রিদা এক বিবৃতিতে জানান, পরিচালনা পর্ষদ কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি অনুমোদন করেছে।

৫৯ বছর বয়সী হোসাম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন। তার নেতৃত্বে মিসর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে পৌঁছায়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন।

বিশ্বকাপে হোসামের অধীনে মিসর নতুন ইতিহাস গড়েছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে তারা প্রথম জয় পায়। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে।

শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিসর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয়। যদিও শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

হোসাম হাসানের কোচিংয়ে মিসরের লড়াকু পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা তার ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখার সিদ্ধান্তের পেছনে একটি কারণ। কোচিংয়ের আগে তিনি মিসরের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা