গাজী সোহেল :
নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা বাজার এলাকা থেকে ৩৯৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক (স্কাফ ও ফেয়ারডিল) জব্দ করেছে র্যাব-১১। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও সিপিএসসি নারায়ণগঞ্জের একটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় চেকপোস্ট বসায়। তল্লাশির সময় এম আর পরিবহনের একটি বাসের যাত্রীদের মালপত্র রাখার বক্স থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৫০ বোতল স্কাফ ও ২৪৩ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাসের সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং হেলপার মোঃ ফারুক হোসেন সাব্বির (২৩), নওগাঁর পত্নীতলা থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বাসের সুপারভাইজার ও হেলপারের পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল তারা।
এ ঘটনায় নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।