ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আগামী ২৩ জুলাই নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে একটি দিনব্যাপী বর্ষা উৎসবের আয়োজন করছে। এই উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীরা সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসযোগে উৎসবস্থলে রওনা হবেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের স্মৃতিচারণ পর্ব থাকবে।
ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী উৎসবে অংশ নিতে আগ্রহী অ্যালামনাইদের তাদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।