July 4, 2026, 6:07 pm

জামালপুরে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, ১০০ শিক্ষার্থী ক্ষুব্ধ

জামালপুরে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, ১০০ শিক্ষার্থী ক্ষুব্ধ

জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নপত্রে চলমান এইচএসসি পরীক্ষা দিয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী তিলা জামালি জানান, পরীক্ষার শেষে তিনি দেখতে পান যে তার প্রশ্নপত্রের উপরে ২০২৫ সাল লেখা ছিল, যা তাদের জন্য প্রযোজ্য নয়। তিনি বলেন, “আমি দুই বছর ধরে এ ৩ ঘণ্টার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমরা পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছি।”

অন্য পরীক্ষার্থী শারমিন আক্তার জানান, “আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। ফলাফল আটকে যায় কি না সেটাই চিন্তা করছি।” তিনি তার পরীক্ষার ফলাফলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বিষয়টি নিয়ে বলেন, “৪২০২ নম্বর কক্ষের জন্য যে পাঁচটি বান্ডেল খোলা হয়, প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিল।”

তিনি জানান, বিষয়টি জানাজানির পর তারা বোর্ডে যোগাযোগ করেন এবং বোর্ড থেকে ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে বলা হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা দ্বিতীয়পত্রে মোট ৬৯ জন অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন এবং কলেজে সব মিলিয়ে ৯ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা