July 3, 2026, 8:17 pm

তিস্তা প্রকল্প ও চীনের সঙ্গে সমরাস্ত্র আলোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

চীনের কাছ থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা, বেইজিংয়ের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং তিস্তা প্রকল্প নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, প্রতিবেশী দেশের এসব কর্মকাণ্ডের ওপর তারা নিবিড় নজরদারি রাখছে।
যা বললেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র
শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোতে যেকোনো উন্নয়নমূলক বা কৌশলগত তৎপরতার ওপর দিল্লি সবসময়ই সতর্ক দৃষ্টি রাখে।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা চলে পারস্পরিক সমঝোতা ও নিয়মিত আলোচনার ভিত্তিতে, যা উভয় দেশের সম্মত একটি রোডম্যাপ অনুসরণ করে এবং সময়ে সময়ে পর্যালোচনা করা হয়।
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে জানিয়ে জয়সওয়াল বলেন, ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।
প্রেক্ষাপট
বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তাসহ আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সমঝোতার পরপরই ভারতের এই মন্তব্য এলো। এর আগে ২৯ জুন চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, উত্তরাঞ্চলের পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে এবং বাংলাদেশের অনুরোধে চীন এ প্রকল্পে কাজ করবে বলে জানান তিনি। এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা