বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, যার ফলে দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাতের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরেক বুলেটিনে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে এবং এটি ঘনীভূত হতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।