শরণখোলা (বাগেরহাট) থেকে খবর: পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শিয়ালা এলাকায় অভিযান চালিয়ে তিনটি নৌকা ও ২৪ বোতল কীটনাশক জব্দ করেছেন। অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহল কালে বনরক্ষীরা সাইডখালে তিনটি জেলে নৌকা দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল, শুঁটকি তৈরীর চাটাই এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবারের অভিযানে বিষদস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের জেলেরা সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার জন্য অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে।