June 29, 2026, 12:31 pm

প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের কাফির পথ চলাকে। ২’পা বাঁকা অবস্থায় জন্ম নেওয়া কাফি মায়ের পিঠে চড়ে কিংবা নিজেই কষ্ট করে স্কুলে যাওয়া আসা করে প্রতিদিন। নাম কাফি। কাফির এ পথচলা যেন এলাকার অনুপ্রেরণার নাম।

মাকুল গ্রামের ভ্যান চালক দিনমজুর মন্টু মিয়া ও মা কোহিনুর বেগমের ঘরে জন্ম নেয় কাফি। জন্মের পর থেকেই তার ২’পা বাঁকা। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তবুও পড়ালেখার প্রতি তার আগ্রহের কমতি নেই। বাড়ির পাশেই শাইলট্টি রায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী কাফি। প্রতিদিন নিজেই ধীরে ধীরে অথবা মায়ের সহায়তায় স্কুল ও প্রাইভেটে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েলা বেগম চৌধুরী বলেন, “কাফি খুব মেধাবী ও বিনয়ী। আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা কখনো তাকে অবহেলা করে না। সিঁড়িতে ওঠা-নামা থেকে শুরু করে সব কাজে তাকে সহায়তা করা হয়।

কাফির শ্রেণি শিক্ষক বদিউজ্জামান আকন্দ বলেন, “অন্য শিক্ষার্থীদের চেয়ে কাফির প্রতি আমাদের খেয়াল একটু বেশিই থাকে। আমরা তার যত্ন নিই এবং সফলতা কামনা করি।”

কাফির মা-বাবা ও এলাকাবাসীর দাবি, স্কুলে যাতায়াতের জন্য একটি হুইলচেয়ার পেলে কাফির কষ্ট অনেকটাই লাঘব হবে। তারাও চান প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে কাফি একদিন অনেক বড় হোক। কাফির এই লড়াই শুধু একটি শিশুর গল্প নয়, এটি হার না মানার গল্প।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, কাফির বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। পড়াশোনার প্রতি কাফির আগ্রহ আমাদেরকে অভিভূত করেছে। উপজেলা প্রশাসন কাফির পরিবারের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা