June 26, 2026, 1:00 pm

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় ঘরের ভেতর থেকে আপন মিয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পৌর এলাকার টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আপন মিয়া ওই এলাকার ফকির আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়ার চাচা ইসমাইল মিয়া সপরিবারে ঢাকায় বসবাস করেন। তাঁর বাড়ির একটি ঘরে আপন মিয়া তাঁর দাদা-দাদির সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আপন মিয়ার দাদি রান্নার কাজ শেষে ঘরে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁরা দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন আপন মিয়া। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, মৃত্যুর খবর জানার পর স্বজনরা হাসপাতালেই মরদেহ রেখে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে বকশীগঞ্জ থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, আপন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা