ময়মনসিংহ থেকে :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে নিম্ন আয়ের ও অসহায় ৬৫৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সিংরাইল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে চলমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী কর্মসূচির লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং প্রকৃত সুবিধাভোগীরা সরাসরি উপকৃত হবেন।
কার্ড পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা যায়। স্থানীয়রা এ উদ্যোগকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।